
আপডেট ডেস্ক
আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ও মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘বিদায়’ চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। আগামী বছর সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বছরের যেকোনো সুবিধাজনক সময়ে ‘বিদায়’ মুক্তি দেওয়া হবে।
শেষ মুহূর্তে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ দীঘি। তবে তিনি আশা করছেন, পরবর্তী সময়ে উপযুক্ত সময়েই দর্শকদের সামনে আসবে সিনেমাটি।
দীঘি বলেন, ‘নিশ্চয় প্রযোজক ও পরিচালক ভালো বুঝেই এর মুক্তি পিছিয়ে দিয়েছেন। খারাপ লাগছে, এটা সত্যি। তবে আশা করছি, পরবর্তী সময়ে ভালো একটা সময়েই সিনেমাটি মুক্তি পাবে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা।’
এদিকে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘এই মুহূর্তে “বিদায়” মুক্তি পাচ্ছে না। এখন সেটা সম্ভব নয়। এ বিষয়ে প্রযোজক ভালো বলতে পারবেন।’
কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে, তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি।